নিরাপত্তা শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি : বাগেরহাট
প্রকাশ :
মোল্লাহাটে সংঘর্ষের প্রভাব, ভোগান্তিতে ঢাকাগামী যাত্রীরা


বাগেরহাট প্রতিনিধি : নিরাপত্তা শঙ্কায় বাগেরহাট থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। 


বিশেষ করে ঢাকাগামী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


 এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। সংঘর্ষের ঘটনায় মহাসড়কে যান চলাচলও ব্যাহত হয়। এ ঘটনার পর মহাসড়কে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 


 বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা জানান, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। তবে দূরপাল্লার বাস বন্ধ থাকায় জরুরি কাজে ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে চাওয়া যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। অনেকে বিকল্প পরিবহনের সন্ধান করছেন।


পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মহাসড়কে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে। তবে বাস চলাচল পুনরায় শুরুর বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। 


 জেলার সাধারণ যাত্রীদের দাবি, দ্রুত মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক করা হোক। এতে সাধারণ মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে এবং পরিবহন খাতেও স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে।