ভোরে আঘাত হানল ৭.৪ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার উত্তর মালুক্কা সাগর অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল তেরনাতে শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১২৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পের পরপরই মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানায়, উপকেন্দ্রের এক হাজার কিলোমিটারের মধ্যে থাকা ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে সুনামির ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে।
ইন্দোনেশিয়ার কিছু উপকূলে জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া গুয়াম, জাপান, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন ও তাইওয়ানের উপকূলে ৩০ সেন্টিমিটারের কম উচ্চতার ঢেউ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির উপকূলে সামান্য সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন হতে পারে, তবে বড় ধরনের সুনামি ক্ষতির আশঙ্কা নেই।
একইভাবে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপাঞ্চলের জন্য কোনো সুনামি হুমকি নেই।
এদিকে উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাদো শহরে অবস্থানরত বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, ভূমিকম্পের কম্পনে তার ঘুম ভেঙে যায় এবং আতঙ্কিত মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তার ভাষায়, কম্পনটি “অনেকক্ষণ” স্থায়ী ছিল। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন