মদন ভূমি অফিসের কর্মচারী সাজ্জাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ
রবিউল আলম, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলা সদর ভূমি অফিসের সায়রাত সহকারী সাজ্জাদ হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ঘুষ দাবি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নামজারি (খারিজ) সম্পন্ন করে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি এবং ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন মামুন মিয়া নামে এক ভুক্তভোগী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের এরশাদ মিয়ার ছেলে মামুন মিয়া জমির নামজারি খারিজের জন্য আবেদন করেন। যার আবেদন কেস নম্বর ১৭৬৩। আবেদনটি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় ভূমি অফিসের সায়রাত সহকারী সাজ্জাদ হোসেন ভূঁইয়া তাঁকে মুঠোফোনে যোগাযোগ করে ভূমি অফিসে আসতে বলেন। অভিযোগে মামুন মিয়া উল্লেখ করেন, ভূমি অফিসে যাওয়ার পর সাজ্জাদ তাঁকে জানান, তাঁর নামজারি আবেদনের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং আবেদনটি বাতিল হয়ে যেতে পারে।
তবে সহকারী কমিশনার (ভূমি)–এর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে এবং তিনি চাইলে নামজারি সম্পন্ন করে দিতে পারবেন। এ জন্য ৫০ হাজার টাকা দাবি করেন তিনি। ভুক্তভোগীর দাবি, সাজ্জাদের কথামতো নগদ ৩০ হাজার টাকা দেন তিনি। বাকি ২০ হাজার টাকা নামজারি সম্পন্ন হওয়ার পর দেওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে নামজারি সম্পন্ন হওয়ার মুঠোফোনে বার্তা পেয়ে অনলাইনে আবেদনটি যাচাই করেন মামুন। এরপর সাজ্জাদ বাকি ২০ হাজার টাকা দাবি করেন। কিন্তু আর্থিক সংকটের কারণে এক সপ্তাহ সময় চান তিনি। মামুনের অভিযোগ, বাকি টাকা দিতে না পারায় ওই রাতেই তাঁর সম্পন্ন হওয়া নামজারি খারিজ বাতিল করে দেওয়া হয়।
এরপর তিনি নিজের দেওয়া ৩০ হাজার টাকা ফেরত চান। অভিযোগে আরও বলা হয়, সরকার নির্ধারিত নামজারি ফি ১ হাজার ১৫০ টাকা হলেও মদন ভূমি অফিসে অতিরিক্ত টাকা ছাড়া নামজারি করা কঠিন হয়ে পড়েছে। এমনকি কাগজপত্রে ত্রুটি না থাকলেও সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে ওই কর্মচারীর বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, তাঁকে না জানিয়ে এবং যথাযথ শুনানি ছাড়াই তাঁর নামজারি বাতিল করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে, গত ১৮ নভেম্বর সরেজমিনে ভূমি অফিসে গিয়ে সাজ্জাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছেন অভিযোগকারী। এ বিষয়ে মদন উপজেলা ভূমি অফিসের কানুনগো হায়দার আলী জানান, সাজ্জাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মামুন মিয়ার নামজারি আবেদনটি অন্যায়ভাবে বাতিল করা হয়েছে বলেও তিনি জানান।
তাঁর ভাষ্য অনুযায়ী, আবেদনকারীর কাগজপত্রে কোনো ভুল ছিল না। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ কাদের বলেন, এর আগেও সাজ্জাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এবারও লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন