লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

নিজস্ব প্রতিনিধি: লালমোহনে চরের জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।


গত ৯ নভেম্বর ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি (পিটিশন নম্বর এম.পি-৬৩২/২০২৬) দায়ের করেন মো. ফারুক (৫৫)। মামলার অন্য অভিযুক্তরা হলেন কবির, শিপন, করিম ও হোসেন। বাদীর অভিযোগে কবিরকে আওয়ামী লীগের মনোনীত মেম্বার প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগে ফারুক দাবি করেন, ফরাজগঞ্জ ইউনিয়নের জে.এল. ২৩ নম্বর মৌজার এসএ ১৩০০ নম্বর খতিয়ানের ৯ দশমিক ৪০ শতাংশ জমির মালিক তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। এসএ ৭২৬২ নম্বর দাগের ভূমি সিকস্তি থেকে পয়স্তি হলে তাঁর বাবা আবদুল মান্নান মিসকেস নম্বর ৩৩২/৭৮-৭৯ দায়ের করেন।


পরে ১৯৮৪ সালের ৩০ জানুয়ারি তাঁরা ওই জমির মালিকানা লাভ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাবার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে তিনি ও পরিবারের অন্য সদস্যরা জমিটির মালিকানা ও ভোগদখলের অধিকার পান। তবে ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর রহিমা বিবি গং উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি নিজেদের নামে নামজারি করিয়ে নেন। বিষয়টি জানতে পেরে তাঁরা ভূমি অফিসে মিসকেস দায়ের করলে ১৩০০ নম্বর খতিয়ানে করা ওই নামজারি বাতিল হয় বলে দাবি বাদীর।


বাদীর অভিযোগ, নামজারি বাতিলের পরও মালিকানা ও দখল নিয়ে বিরোধের অবসান হয়নি। বরং প্রতিপক্ষরা বিভিন্ন সময় তাঁদের হয়রানি করে আসছিলেন। অভিযোগে আরও বলা হয়, গত ৪ নভেম্বর বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে ফারুক বিরোধপূর্ণ জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে গেলে জাকির হোসেনের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে তাঁর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লালমোহন উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন।


পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন বলেন, চরের জমির বিষয়ে আমি কিছুই জানি না। যারা অভিযোগ করেছে তাদের জিজ্ঞেস করেন, তারা আমাকে চেনে কিনা।