ঢামেকে অক্সিজেন মাস্ক খুলে নিলো দালাল,প্রাণ গেল ৭ মাসের শিশুর
চিকিৎসকের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার ঘটনায় ঢাকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৭ মাস বয়সী শিশু মিনহাজের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ মে) বিকেলে। নিহত শিশুটির পরিবারের অভিযোগ, চিকিৎসকের নির্দেশ ছিল অক্সিজেন মাস্ক কোনোভাবেই খোলা যাবে না।
কিন্তু উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে এক দালাল মাস্ক খুলে নেওয়ার পর শিশুটির অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত সে মারা যায়। এ ঘটনায় হাসপাতালের সাময়িক বরখাস্ত হওয়া অফিস সহকারী এনায়েত করিমকে আটক করেছে পুলিশ। পরিবার জানায়, কিডনি জটিলতায় আক্রান্ত মিনহাজকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় আনা হয়। হাসপাতালে শয্যা খালি করে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে বেসরকারি ক্লিনিকে নেওয়ার পরামর্শ দেন এনায়েত করিম। এরপর কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে প্রতিদিন ২৫ হাজার টাকা খরচে চিকিৎসার কথাও বলা হয়। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে বেসরকারি ক্লিনিকে নেওয়ার উদ্দেশ্যে তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়।
এরপর প্রায় ২০ মিনিট মাস্ক ছাড়া হাসপাতালে ঘোরানো হয়। পরে অ্যাম্বুলেন্সে তোলার সময় শিশুটির মৃত্যু হয় বলে স্বজনরা দাবি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এনায়েত করিমের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের সার্টিফিকেট দেওয়ার নামে অর্থ দাবি করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বরখাস্ত থাকলেও তিনি হাসপাতাল এলাকায় দালালি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। ঢামেক কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে, যারা গুরুতর রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান চালানো হলেও পুরো চক্র নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।
শাহবাগ থানার পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন