দেশে যে পাঁচ ধরনের ক্যানসারে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন মানুষ

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর নতুন করে ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। আর একই সময়ে এই মরণব্যাধিতে মারা যাচ্ছেন ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ।


 জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্য অনুযায়ী, কেবল তাদের প্রতিষ্ঠানেই গত বছর চিকিৎসা নেওয়া সাড়ে ৪২ হাজার ক্যান্সার রোগীর মধ্যে ৩১ হাজারই ছিলেন নতুন রোগী। বর্তমানে দেশে প্রায় ৩ লাখ ৪৬ হাজার মানুষ ক্যানসারে ভুগছেন। ২০১৮ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ১১ শতাংশ এবং মৃত্যুর হার প্রায় ৮ শতাংশ বেড়েছে। বাংলাদেশে অন্তত ৩৮ ধরনের ক্যানসারের উপস্থিতি পাওয়া গেলেও আক্রান্তের দিক থেকে পাঁচটি ধরন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। 


এগুলো হলো—খাদ্যনালি, মুখ ও ঠোঁট, ফুসফুস, স্তন এবং জরায়ুমুখের ক্যানসার। খাদ্যনালির ক্যানসার আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে খাদ্যনালির ক্যানসার। ডব্লিউএইচওর হিসাবে, দেশে বর্তমানে ৪২ হাজারের বেশি মানুষ এই ক্যানসারে আক্রান্ত। প্রতিবছর নতুন করে ২৫ হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হচ্ছেন, যাদের বড় অংশই পুরুষ। প্রতি বছর ক্যানসারজনিত মোট মৃত্যুর মধ্যে ২৪ হাজারেরও বেশি মৃত্যু ঘটে খাদ্যনালির ক্যানসারের কারণে। মুখ ও ঠোঁটের ক্যানসার দ্বিতীয় স্থানে থাকা এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ৪০ হাজারের বেশি। প্রতিবছর নতুন করে ১৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, যার মধ্যে ১১ হাজার পুরুষ এবং ৫ হাজার নারী। এই ক্যানসারে বছরে প্রায় সাড়ে ৯ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।


 ফুসফুসের ক্যানসার মৃত্যুর হারের দিক থেকে খাদ্যনালির পরেই অবস্থান ফুসফুসের ক্যানসারের। দেশে বছরে প্রায় ১২ হাজার মানুষ এতে মারা যান। বর্তমানে মোট রোগীর সংখ্যা ১৭ হাজারের কাছাকাছি এবং বছরে নতুন করে আক্রান্ত হচ্ছেন ১৩ হাজার মানুষ। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের হিসাব অনুযায়ী, তাদের প্রতিষ্ঠানে আসা মোট রোগীর প্রায় ১৮ শতাংশই ছিলেন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। স্তনের ক্যানসার নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তনের ক্যানসার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, মোট নারী ক্যান্সার রোগীর ৩৬ দশমিক ৪ শতাংশই স্তন ক্যানসারে আক্রান্ত।


 ডব্লিউএইচওর তথ্য মতে, বর্তমানে ৩৫ হাজারের বেশি নারী এতে ভুগছেন এবং প্রতিবছর নতুন করে ১৩ হাজার আক্রান্ত হওয়ার পাশাপাশি ৬ হাজারের বেশি নারী মারা যাচ্ছেন। জরায়ুর ক্যানসার নারীদের প্রজননতন্ত্রের ক্যানসারের মধ্যে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশে বর্তমানে সাড়ে ২৬ হাজারের বেশি নারী এতে আক্রান্ত। প্রতিবছর নতুন করে সাড়ে ৯ হাজার নারী এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন প্রায় ৫ হাজার ৮০০ জন।


 বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, তামাক ও জর্দার ব্যবহার, অস্বাস্থ্যকর জীবনযাপন, ভেজাল খাদ্যাভ্যাস, পরিবেশদূষণ এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় না হওয়া ক্যান্সার বৃদ্ধির প্রধান কারণ। তবে সঠিক সময়ে রোগ শনাক্ত করা গেলে এবং ধূমপান পরিহার ও স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চললে ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।