রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারীকরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা

মো.রিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ দ্রুত সরকারীকরণের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বুধবার দুপুরে মিয়াবাড়ী-হাটাবো সড়কে অবস্থান নিয়ে এক মানববন্ধনে তারা এই দাবি জানান।


মানববন্ধনে শিক্ষক ও এলাকাবাসীরা জানান, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৩৩ বছর ধরে ভাঙ্গাচোরা চার কক্ষের টিনের ঘরে বিনা বেতনে আড়াই শতাধিক শিক্ষার্থীকে পড়াচ্ছেন শিক্ষকরা। আশেপাশে ৩ থেকে ৪ কিলোমিটারের মধ্যে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় স্থানীয় দরিদ্র পরিবারের সন্তানদের পড়ালেখার একমাত্র ভরসা এই স্কুলটি। অথচ বছরের পর বছর পার হলেও বিদ্যালয়টি এখনো সরকারি হয়নি, ফলে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, শাহিনুর বেগম, রুবিয়া আক্তার, সোনিয়া আকতারসহ আরো অনেকে। 


বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, "সরকার পরিবর্তন হলেও এই অবহেলিত বিদ্যালয়ের দিকে কেউ নজর দেয়নি। বর্তমানে সরকারের সহায়তায় একটি পাকা ঘর তৈরি হলেও বাকি ঘরগুলো এখনো জরাজীর্ণ।" মানববন্ধন শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা গোলাকান্দাইল এলাকায় স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাসভবনে স্মারকলিপি দিতে যান। এ সময় সংসদ সদস্য শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, "শিশুদের শিক্ষার কথা বিবেচনা করেই আমরা ইতোমধ্যে একটি পাকা ক্লাসরুমের ব্যবস্থা করে দিয়েছি। স্কুলটি যাতে দ্রুত সরকারি করা হয় সেই ব্যবস্থা নেওয়া হবে, যাতে এলাকার হতদরিদ্র ও নিরীহ পরিবারের সন্তানরা কোনোভাবেই শিক্ষা থেকে বঞ্চিত না হয়।"