কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশে ফজলুল হক মিলন, অরাজকতা-সহিংসতা চায় না সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার
প্রকাশ :
ছবি: সংগৃহীত

মোঃ শাহনেওয়াজ,স্টাফ রিপোর্টার : গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না। 


দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, তখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।


 মিলন বলেন, দেশের স্বার্থে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকবেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


 পরে সেখানে পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান প্রমুখ। 


বিক্ষোভ মিছিলে নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান।