শ্যামনগরে রাস্তা দখল করে অবকাঠামো নির্মাণ, দুর্ভোগে শিক্ষার্থী-পথচারী

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

মো রাকিবুল্যাহ সোহাগ ,(সাতক্ষীরা) শ্যামনগর প্রতিদিন : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় প্রকাশ্যে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। 


স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জব্বার মোড়লের ছেলে আনারুল ইসলাম মোড়ল ও তার ছেলে মিঠু নতুন বাজার কাশি বাড়ি এলাকায় নিজেদের দোকানের সীমানা রাস্তার দিকে বাড়িয়ে ইট দিয়ে স্থায়ী অবকাঠামো তুলছেন। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, ফলে ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সরকারি জায়গায় এমন অননুমোদিত নির্মাণকাজের কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। 


বিষয়টি আরও উদ্বেগজনক এই কারণে যে, নির্মাণস্থলের অদূরেই রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়। ফুটপাত সংকুচিত হয়ে পড়ায় প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সময় চরম ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা জনসাধারণের চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন।