​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

 জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:  যশোরের শার্শায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে আত্মনির্ভরশীল করার লক্ষে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই ব্যাটারি চালিত ভ্যানগাড়ী গুলো বিতরণ করা হয়। ​


 সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম (৫৫) এবং ডিহি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুনকে (৪৫) এই সহায়তা দেওয়া হয়। ​ ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সিরাজুল ইসলাম ও রহিমা খাতুন বলেন, আমরা দীর্ঘদিন ভিক্ষা করে জীবন পার করেছি। সরকারের দেওয়া এই ভ্যান গাড়ি পেয়ে আমরা এখন নিজেরা কাজ করে খাওয়ার সুযোগ পেয়েছি। এখন থেকে আর কারো কাছে হাত পাততে হবে না, নিজেরাই রোজগার করব। ​


 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, ভিক্ষুকদের সমাজে মাথা উঁচু করে দাঁড় করাতে এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকারের এই মহান উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আশা করছি, এই ভ্যান গাড়ির মাধ্যমে তারা নিজের উপার্জনে সংসার চালিয়ে স্বাবলম্বী হতে পারবেন। ​ ভ্যান গাড়ী বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল খালেক ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।