শালীন রাজনৈতিক পরিবেশ গড়তে নেতাকর্মীদের প্রতি এমপি মিলনের আহ্বান
মোঃ শাহনেওয়াজ ,স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নাগরী এলাকার স্বপ্ন কানন রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এমপি ফজলুল হক মিলন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
কোনো ব্যক্তি, জনপ্রতিনিধি কিংবা দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য, কর্মকাণ্ড বা সিদ্ধান্ত নিয়ে তথ্য ও যুক্তিনির্ভর সমালোচনা গণতান্ত্রিক চর্চার অংশ। তবে মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে কাউকে হেয় করা, অশালীন ভাষা ব্যবহার কিংবা ব্যক্তিগত আক্রমণ করা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির কর্মকাণ্ড নিয়ে মানুষের প্রশ্ন, মতভিন্নতা কিংবা সমালোচনা থাকতেই পারে। ভুল-ত্রুটি থাকলে তা তথ্য ও যুক্তির মাধ্যমে তুলে ধরা উচিত। এতে সংশ্লিষ্ট ব্যক্তি নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পান এবং একই সঙ্গে সমাজে গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের পরিবেশ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিমত প্রকাশের ক্ষেত্রেও শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে এমপি মিলন বলেন, কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে যুক্তি ও তথ্যের ভিত্তিতে বক্তব্য উপস্থাপন করতে হবে।
ব্যক্তিগত কটূক্তি, অশ্লীল শব্দ কিংবা অপমানজনক মন্তব্যের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। তাই দলীয় নেতাকর্মীসহ সবাইকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সভায় তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দ স্থানীয় সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রধান অতিথি তাদের বক্তব্য শোনেন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ খোকা, মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় নেতৃবৃন্দ দলীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন