রাজধানীতে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সামনে এক ব্যক্তিকে গুলি করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকেলে এ ঘটনায় লোকমান (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল।


 পুলিশ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৩টা ১০ থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত জনতা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার সামনে আসে। এ সময় তারা লোকমানকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাঁর হাত ও পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে।


 পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে টাকাভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। প্রাথমিক তথ্যে ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে জানা গেছে। পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা। ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই ছিনতাইকারীদের কাছে ছিল কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। 


এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।