অস্ত্রের মুখে জিম্মি করে রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট ৪০ লাখ টাকার মালামাল
মো: রিয়াদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ অর্থ ও ১৭ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখোশ পরিহিত ১৫-১৬ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও এসএস পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির কলাপসিবল গেইট ও বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় ডাকাতরা আবুল হোসেন (৬৫), তার স্ত্রী রণি বেগম (৫৮) ও ছেলে আল-আমিন (৩৫)-কে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার এবং জমির বায়নার ৩ লাখ ৫০ হাজার টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নেয়। একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে ‘ডাকাত-ডাকাত’ বলে ঘোষণা দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতরা প্রাণনাশের হুমকি দিয়ে দুটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপযোগে ঢাকার দিকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন