মদনে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

রবিউল আলম (নেত্রকোনা জেলা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে পারভেজ মিয়া নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে মদন পৌর শহরের দেওয়ান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।


 এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পারভেজ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব আলম, পুলিশের এএসআই জাকির হোসেন, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মদনের ঐতিহ্যবাহী দেওয়ান বাজারে হাট বসে। অভিযোগ রয়েছে, এ বাজারে মাঝেমধ্যে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা হয়। বুধবার রাতে পারভেজ মিয়া একটি রোগাক্রান্ত গাভী জবাই করার প্রস্তুতি নিলে স্থানীয় সচেতন ব্যক্তিরা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন।


 পরে স্থানীয় সংবাদকর্মীরা বিষয়টি জানতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে গাভীটির ভিডিও প্রকাশ করেন। এতে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হলে প্রশাসনকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় একটি রোগাক্রান্ত গরু দেখতে পান তিনি। পাশাপাশি পারভেজ মিয়ার দোকানে থাকা মাংস প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে পরীক্ষা করা হয়নি বলে জানা যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। সেখানে একটি রোগাক্রান্ত গরু দেখতে পাই। 


এছাড়া দোকানে রাখা মাংসও প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে পরীক্ষিত ছিল না। এ কারণে পারভেজ নামে এক কসাইকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।” তিনি আরও জানান, রোগাক্রান্ত পশু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করলে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।