দেশের বাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে আবারও সোনার দাম সমন্বয় করা হয়েছে। ঈদুল আজহার পর বাংলাদেশে সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। নতুন এই মূল্য ২ জুন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং শনিবার (৬ জুন) পর্যন্ত তা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায়।
এর আগে গত ২৫ মে বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। তখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৩ বার কমেছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।
বাজারসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তনের কারণে দেশের বাজারে সোনার মূল্য নিয়মিত সমন্বয় করা হচ্ছে। ফলে আগামী দিনগুলোতেও সোনার দামে নতুন পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন