পুশ-ইন ঠেকিয়ে ১৫ জনকে উদ্ধার করল বিজিবি

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি: সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে বিএসএফ সদস্যরা তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।


 শুক্রবার (১২ জুন) রাতে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২২০/এমপি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, রাত ১২টা ৪০ মিনিটের দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ, আট নারী ও পাঁচ শিশুসহ মোট ১৫ জনকে নৌকাযোগে নদীপথে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। ওই ব্যক্তিরা তখন শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নেন।


 এতে বিএসএফের পুশ-ইনের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে একই দিন রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত পিলার ২২০/এমপি-সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।


 সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর। তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।